আজ
|| ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
রোববার থেকে ঢাকার ১৩ স্থানে ন্যায্যমূল্যে ডিম বিক্রি
প্রকাশের তারিখঃ ৯ নভেম্বর, ২০২৪
রোববার থেকে রাজধানীর ১৩টি স্থানে ন্যায্যমূল্যে ডিম বিক্রি করা হবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান। তিনি বলেন, রোববার (১০ নভেম্বর) থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭টি ও উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৬টি স্থানে এ ডিম বিক্রি কার্যক্রম চলবে।
শনিবার (৯ নভেম্বর) রাজধানীর বিএফডিসিতে ‘বিগত সরকারের সৃষ্ট সিন্ডিকেট বাজার অস্থিরতার জন্য দায়ী’ শীর্ষক এক ছায়া সংসদে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সরকার এরই মধ্যে কিছু দ্রব্যাদির ওপর শুল্ক প্রত্যাহার করেছে। ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল, খেজুরসহ রোজায় অতি প্রয়োজনীয় দ্রব্যাদি আমদানিতে এলসি মার্জিন তুলে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। এতে রোজায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
ভোক্তার ডিজি আরও বলেন, ঢাকা সম্প্রসারিত হলেও স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত তেজগাঁও ও কাপ্তান বাজার মাত্র এই দুটি স্থানে ডিমের আড়ত রয়েছে। ভোক্তাদের সুবিধার্থে রোববার থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬টি ও দক্ষিণ সিটি করপোরেশনে ৭টি সাব সেন্টারে সরাসরি ডিম বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রান্তিক খামারিরা কন্ট্রাক্ট ফার্মিংয়ের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। করপোরেট প্রতিষ্ঠানগুলো থেকে মুরগির বাচ্চা, ফিড এবং ভ্যাকসিন গ্রহণের যে রীতি গড়ে উঠেছিল তা থেকে খামারিদের মুক্ত করে উৎপাদন ও বিপণন আরও সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আশা করা যায় এর মাধ্যমে ভোক্তা ও খামারিরা উপকৃত হবেন।
Copyright © 2026 Anti Corruption news agency. All rights reserved.