অন্তর্বর্তী সরকার জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই বিদ্রোহের ঘোষণাপত্র প্রস্তুত করার উদ্যোগ নিয়েছে। জুলাই বিদ্রোহের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদবিরোধী চেতনা এবং রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত করার জন্য এই ঘোষণা গৃহীত হবে।
সোমবার (৩০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে জরুরি প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
প্রেস সচিব বলেন, গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও উপদলের মতামতের ভিত্তিতে ঘোষণাটি তৈরি করা হবে। এটি জুলাই বিদ্রোহের দৃষ্টিভঙ্গি, ঐক্যের ভিত্তি এবং জনগণের অভিপ্রায় প্রকাশ করবে।
তিনি আরও বলেন, আমরা আশা করি, সকলের অংশগ্রহণের মাধ্যমে কিছু দিনের মধ্যে সর্বসম্মতিক্রমে এই ঘোষণাপত্র প্রণয়ন করে জাতির সামনে উপস্থাপন করা হবে।