• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

ডেনমার্কে প্রতিরক্ষা জোরদারের পরিকল্পনা ইইউ নেতাদের

ডেস্ক রিপোর্ট / ৫৭ Time View
Update : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
ডেনমার্কে প্রতিরক্ষা জোরদারের পরিকল্পনা ইইউ নেতাদের
ডেনমার্কে প্রতিরক্ষা জোরদারের পরিকল্পনা ইইউ নেতাদের

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা রাশিয়ার হুমকিকে সামনে রেখে ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণ এবং ইউক্রেনের আর্থিক সহায়তা বৃদ্ধির বিষয়ে আলোচনা করতে বুধবার ডেনমার্কে এক শীর্ষ সম্মেলনে মিলিত হচ্ছেন।সম্প্রতি ডেনমার্কে রহস্যজনক ড্রোন উড্ডয়নের ঘটনায় এ উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এই বহুল প্রত্যাশিত আলোচনার জন্য ইউরোপজুড়ে নেতারা কোপেনহেগেনে একত্র হচ্ছেন। হাজার হাজার পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। বেসামরিক ড্রোন নিষিদ্ধ করা হয়েছে এবং ন্যাটো মিত্ররা ডেনমার্কে অতিরিক্ত বাহিনী পাঠিয়েছে। বৃহস্পতিবার ইউরোপীয় নেতাদের একটি বৃহত্তর সমাবেশ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

ডেনমার্ক বর্তমানে ইইউ’র সভাপতিত্বের দায়িত্ব পালন করছে। ডেনমার্কে সাম্প্রতিক দিনে অজ্ঞাত ড্রোনের কারণে বিভিন্ন বিমানবন্দর বন্ধ করার পর ডেনমার্কের বৃহত্তম সামরিক ঘাঁটিসহ বিভিন্ন সামরিক স্থাপনার কাছে ড্রোন দেখা গেছে। এ ধরনের ঘটনা দেশের বিমান চলাচল ও নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে।

উত্তর ইউরোপীয় প্রতিবেশী দেশগুলো এবং যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইউক্রেন পর্যন্ত অনেক দেশ ডেনমার্ককে সহায়তা করতে অ্যান্টি-ড্রোন প্রযুক্তি ও বিশেষজ্ঞ পাঠিয়েছে।

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এই ঘটনাকে ‘হাইব্রিড আক্রমণ’ হিসেবে বর্ণনা করলেও, এখনো পর্যন্ত কারো নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।

তবে সন্দেহের তীর রাশিয়ার দিকেই রয়েছে। এই ড্রোন ঘটনাগুলো ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থায় বিদ্যমান দুর্বলতাকে আরও স্পষ্ট করে তুলেছে। বিশেষ করে পোল্যান্ড ও এস্তোনিয়ায় মস্কোর সাম্প্রতিক আকাশসীমা লঙ্ঘনের ঘটনার পর।

কোপেনহেগেনে মিলিত ইইউ নেতারা এখন ‘ড্রোন ওয়াল’সহ বেশ কিছু অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পের রূপরেখা তৈরি করার চেষ্টা করছেন, যা রাশিয়ার হুমকির মোকাবিলায় সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। গত সপ্তাহে ইউরোপের পূর্ব সীমান্তে অবস্থিত প্রায় দশটি দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা ড্রোন শনাক্ত ও ধ্বংস করার জন্য একটি প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করেছেন। এই ধরনের একটি সমন্বিত ব্যবস্থা কার্যকর হলে, ড্রোনগুলোকে শনাক্ত ও ধ্বংস করা যাবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার অনুষ্ঠেয় ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের সম্মেলনে অংশ নেবেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা