জীবনের ৪০টি বসন্ত পার করে ফেলেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। গত সোমবার (২৮ অক্টোবর) ছিল অভিনেত্রীর ৪১তম জন্মদিন। বিশেষ এই দিনে ভক্ত, শুভাকাঙ্খীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তারকা। বাঁধনের ক্যারিয়ারের শুরুটা ছিল লাক্স সুন্দরী প্রতিযোগিতা দিয়ে, এরপর নাটক, সিনেমায় উভয়ক্ষেত্রেই কাজ করেছেন তিনি। দেশের গণ্ডি পেরিয়ে বলিউডেও কাজ করেছেন এই অভিনেত্রী।
ক্যারিয়ারে সাফল্যের পলক থাকলেও ব্যক্তিজীবনে সিঙ্গেল মাদার হিসেবেই জীবন যাপন করছেন বাঁধন। ২০১০ সালের ৮ সেপ্টেম্বর মাশরুর হোসেন সিদ্দিকীকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় তাদের বিচ্ছেদ ঘটে। এরপর একমাত্র মেয়ে মিশেল আমানি সায়রাকে নিয়েই কাটছে অভিনেত্রীর জীবন।
নিজের ৪১তম জন্মদিনের এসে বাঁধন জানালেন, তার মেয়ে সায়রা চায় মায়ের জীবনে কেউ আসুক। নতুন করে আবারও জীবনের পথচলা শুরু করুক অভিনেত্রী। এ বিষয়ে একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বাঁধন বলেন, ‘আমার মেয়ে সায়রা চায়, তার মায়ের জীবনে কেউ আসুক, মা সুন্দর করে জীবনযাপন করুক। মেয়ে বড় হচ্ছে। আমাকে অনেক কাছ থেকে দেখে, ভালোবাসে। আমিও তাকে ভীষণ ভালোবাসি।’
মেয়ের এমন আবদার বাঁধন আদৌ পূরণ করবেন কি না, এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘আসলে অতীতে এত ভয় পেয়েছি, আমার ওপর দিয়ে এত ট্রমা গেছে এখনও ভয় কাটেনি। আমার মতো করে যে আমাকে বুঝবে, ভবিষ্যতে সে-ই আমার পথচলার সঙ্গী হবে।’